সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দেশটিগামী ৬১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
তবে এ হিসাবের মধ্যে রিয়াদ এয়ারের ফ্লাইটের যাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়নি। সংস্থাটি এখনো তাদের যাত্রীর সংখ্যা জানায়নি; তথ্য পাওয়া গেলে মোট যাত্রীর হিসাব হালনাগাদ করা হবে বলে জানিয়েছে বেবিচক।
স্থগিত হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, রিয়াদ এয়ারের সাতটি, সৌদিয়ার চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
এর আগে বেবিচক জানিয়েছিল, ৫১টি ফ্লাইট স্থগিত হওয়ায় ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছিলেন। সর্বশেষ হিসাবে, স্থগিত ফ্লাইটের পাশাপাশি দুর্ভোগে পড়া যাত্রীর সংখ্যাও বেড়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট চলাচলে এ বিঘ্ন তৈরি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে।
