কুমিল্লার দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসা ও এতিমখানার পরিচিতি সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস সাজিদুর রহমান।
সোমবার (১২ অক্টোবর) বড়আলমপুরের আরএম ভবনে অবস্থিত মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকাপ্রবাসী মো. মামুনুর রশীদের তত্ত্বাবধানে পরিচালিত আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশন এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদিস সাজিদুর রহমান। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিবের পাশাপাশি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।
বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে এতিম শিশুদের লালন-পালন এবং সুশিক্ষায় গড়ে তোলাকে সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
শায়খুল হাদিস সাজিদুর রহমান বলেন, দ্বীনি শিক্ষা মানুষের নৈতিক ও আত্মিক জীবনের ভিত্তি। এতিম ও দুস্থদের সহায়তায় এগিয়ে এলে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব।
তিনি আব্দুল হামিদ-জায়ফলের নেছা ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন। এ ধরনের কার্যক্রম দ্বীনি শিক্ষার প্রসারেও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম ওবাইদি, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান, ‘আমাদের দেবিদ্বার’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম এবং ‘বাংলা বাজার’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবেরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে মাদ্রাসা ও এতিমখানার কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
