জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুল, কলম ও উপহারসামগ্রী দিয়ে নবীনদের বরণ এবং বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং গণিত বিভাগের প্রভাষক তুজাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন রাজশাহীর ঐতিহ্য, সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাজশাহী অত্যন্ত সুন্দর ও পরিচ্ছন্ন একটি শহর। সেখানকার মানুষের উচ্চ রুচিবোধের কারণেই শহরটি এতটা গোছানো। রাজশাহী থেকে আসা সকল শিক্ষার্থীকেও নিজেদের আচার-ব্যবহার ও জীবনযাপনে সেই রুচিশীলতা ও পরিচ্ছন্নতার পরিচয় বজায় রাখতে হবে।’
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নিজস্ব তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান। তিনি বলেন, ‘যেকোনো কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে এবং তাৎক্ষণিক অর্থ সংকট এড়াতে নিয়মিত সদস্যদের কাছ থেকে ন্যূনতম হারে চাঁদা সংগ্রহ করে একটি শক্তিশালী তহবিল গঠন করা প্রয়োজন।’
পাশাপাশি নবীন শিক্ষার্থীদের প্রবীণদের অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পাওয়ার সুযোগ তৈরি করতে দ্রুত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য প্রকৃতির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী সদস্য ও জাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক এ.কে.এম. আব্দুল্লাহ আল মাসুদ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ইফাত রনি, অ্যাসোসিয়েশনের সদস্যসচিব নিরব খান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সৈয়দ তাহসিন আহমেদসহ অন্যরা।
অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী প্রবীণ সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
