স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন বিকেল ৩টায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার নতুন তারিখ ও সময় পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ১১টায় এ নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হলেও শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার কথা জানিয়ে পরীক্ষা স্থগিত করে সরকার।
প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।
