চাঁদাবাজির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি শাহিনুর আলমকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরবর্তীতে খিলক্ষেত থানা থেকে শাহিনুর আলমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্র জানায়, শাহিনুর আলম পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ছিল। তিনি অতীতে স্থানীয় কাউন্সিলর নির্বাচনেও অংশ নিয়েছিলেন, তবে পরাজিত হন।
অভিযোগ রয়েছে, শাহিনুর ও তাঁর সহযোগীরা খিলক্ষেত বাজার রেলগেট, বারুয়া, মাস্তুল, তালনাসহ আশপাশের এলাকার অটোরিকশার গ্যারেজগুলো থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।
