লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মনিটরিং কমিটিতে গণ্যমান্য প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট ফখরুল ইসলাম মাহমুদ। জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দিয়েছেন।
গত ২২ সেপ্টেম্বর হুইপের কার্যালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়। হুইপের সহকারী একান্ত সচিব (এপিএস) এ কে এম আজিম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, জনগণের স্বার্থ ও অধিকার সুরক্ষায় ফখরুল ইসলাম মাহমুদ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে হুইপ প্রত্যাশা করেন। চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ও তদারকির স্বার্থে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে দ্রুত যোগাযোগ, পরামর্শ ও সমন্বয় করার জন্য অনুরোধ জানানো হয়।
এদিকে উপজেলা মনিটরিং কমিটিতে ফখরুল ইসলাম মাহমুদকে প্রতিনিধি মনোনীত করায় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা যুবদলসহ স্থানীয় সর্বস্তরের নেতা-কর্মীরা। তাঁরা আশা প্রকাশ করেন, এই মনোনয়নের ফলে উপজেলার বিভিন্ন সমস্যার কথা সততার সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হলো এবং অচিরেই জনকল্যাণমুখী উন্নয়ন ত্বরান্বিত হবে।
