সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারামে (গ্র্যান্ড মসজিদ) আত্মঘাতী বোমা হামলার চেষ্টার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি কর্মকর্তারা আজ শুক্রবার জানিয়েছেন, বিস্ফোরক–সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের জন্য নয়, বরং পথচারীদের হয়রানি ও তাঁদের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওসহ বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন ব্যক্তি কাবা শরিফের দিকে এগিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে পুরোপুরি অসত্য বলে জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি পাবলিক সিকিউরিটি জানায়, নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাঁদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে। ঘটনাস্থলেই তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, ঘটনাটিকে আত্মঘাতী বোমা হামলার প্রচেষ্টা হিসেবে প্রচার করার কোনো ভিত্তি নেই।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একই তথ্য নিশ্চিত করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলাটি পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন দাবিকে কেন্দ্র করেই মূলত এই বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
