২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। একই সঙ্গে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তিশা। তার আগে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তাঁকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগ ওঠে তানজিন তিশার বিরুদ্ধে। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম বাদী হয়ে আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করে ডিবি। পরে ওই প্রতিবেদন আমলে নিয়েই সমন জারি করা হয়েছিল।
এদিকে জামিন পাওয়ার পর তানজিন তিশা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি শাড়িটি আত্মসাৎ বা কোনো প্রতারণা করেননি। মামলায় একাধিক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিশা আরও অভিযোগ করেন, বাদী তাঁর স্বামীর ক্ষমতা ব্যবহার করে মামলা করেছেন এবং বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বাদীপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
