উচ্চশিক্ষায় গবেষণার মান উন্নয়ন, একাডেমিক সততা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন প্লেজিয়ারিজম চেকার সফটওয়্যার ‘টার্নিটিন’ (Turnitin)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সেমিনার কক্ষে রিসার্চ সেলের উদ্যোগে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন ও একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রাথমিকভাবে ৭৫০টি অ্যাকাউন্ট বরাদ্দ দেওয়া হচ্ছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারটির উদ্বোধন করেন জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা প্রযুক্তির যুগে বাস করছি এবং এর রূপান্তর প্রতিনিয়ত ঘটছে। প্রযুক্তিকে উপেক্ষা করার সুযোগ নেই, তবে এর ব্যবহার হতে হবে একাডেমিক সততা ও নৈতিকতা বজায় রেখে।” তিনি আরও যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য কেবল জ্ঞান বিতরণ নয়, নতুন জ্ঞান সৃষ্টি করা। টার্নইটইন গবেষক ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের ও নির্ভরযোগ্য গবেষণাকর্মে বড় ভূমিকা রাখবে।
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঝুঁকি তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, “শিক্ষার্থীদের মধ্যে চ্যাটজিপিটি বা এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম থেকে হুবহু লেখা কপি করার যে প্রবণতা বাড়ছে, তা উদ্বেগের। শিক্ষার্থী ও গবেষকরা যাতে কোনো উৎস থেকে তথ্য চুরি বা প্রযুক্তির অপব্যবহার করতে না পারেন, তা তদারকি ও যাচাইয়ে টার্নিটিন অত্যন্ত কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।”
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ দেন টার্নইটইন-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের কাস্টমার অনবোর্ডিং কনসালটেন্ট আশিতা খান্ডেলওয়াল এবং বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ ও নেপাল অঞ্চলের সহকারী ব্যবস্থাপক অমিত পাল।
রিসার্চ সেল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনের মাধ্যমে এই সফটওয়্যার ব্যবহারের আইডি বা অ্যাকাউন্ট সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সুজিত রায়, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী এবং ইইই বিভাগের প্রভাষক মো: রেজওয়ানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
