মোহাম্মদ নুরুল ইসলাম লক্ষীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স এলাকার বাসিন্দা বাক্প্রতিবন্ধী মো. মাইন উদ্দিন (২৮) এক বছর ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পার হলেও তাঁর কোনো সন্ধান না পেয়ে চরম দিশাহারা অবস্থায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার। উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও দুই শিশুসন্তান বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে কমলনগরের চর লরেন্স এলাকার নিজ বাড়ি থেকে স্ত্রী ও সন্তানদের কাছে যাওয়ার জন্য চট্টগ্রামের উদ্দেশে রওনা হন মাইন উদ্দিন। তবে চট্টগ্রাম পৌঁছানোর আগেই তিনি ভুলবশত ফেনী রেলস্টেশন বা বাসস্ট্যান্ড এলাকায় নেমে পড়েন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকেই তিনি নিখোঁজ। তিনি কথা বলতে পারেন না।
মাইন উদ্দিনের বাবার নাম আবদুল আলী ও মা বিবি ফাতেমা। তাঁদের স্থায়ী ঠিকানা উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের চর লরেন্স গ্রামের আবদুল আলী মাঝির বাড়ি। বর্তমানে মাইন উদ্দিনের স্ত্রী ও সন্তানেরা চট্টগ্রামের কাস্টমস মোড় (বন্দরটিলা) এলাকায় বসবাস করছেন। গত এক বছর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মাইন উদ্দিনের কোনো সন্ধান পায়নি তাঁর পরিবার।
পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি বাক্প্রতিবন্ধী এই যুবকের সন্ধান পান, তবে যেন পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করা হয়। যোগাযোগের জন্য দুটি মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে: ০১৩২৩২১৫৩৭০ এবং ০১৮৬৫৯৮০৩১৫।

ডেস্ক রিপোর্ট