জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরটি আগের পরিকল্পনার চেয়ে সংক্ষিপ্ত করা হয়েছে। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর তাঁর যুক্তরাষ্ট্র সফর এবং নিউইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতেই নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কে এই সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও বেশ ছোট। অতীতের সরকারগুলোর তুলনায় ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘের অধিবেশনে এই সফরের মধ্য দিয়ে মূলত প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধনেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠক, বাংলাদেশ আয়োজিত আলোচনা এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। উচ্চপর্যায়ের এসব আলোচনার মধ্যে রয়েছে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যু। এ ছাড়া অধিবেশনের ফাঁকে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যাসহ একাধিক আলোচনার আয়োজন করছে।
সফরের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
