নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত এই বিধিমালায় আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। সেই সঙ্গে কোনো আসনে একক প্রার্থী থাকলে সেখানে ভোটারদের মতামত জানানোর সুযোগ দিতে নতুন করে ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২–এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এই অধিকতর সংশোধনী প্রজ্ঞাপন প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯–এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীকের তালিকা নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দল ও সাধারণ প্রার্থীদের জন্য ১২০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত এই তালিকা থেকেই প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সংরক্ষিত ১২০টি প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য হলো—ধানের শীষ, লাঙল, দাঁড়িপাল্লা, ডাব, ট্রাক, টেলিভিশন, গোলাপ ফুল, সাইকেল, হাতপাখা, মিনার, উদীয়মান সূর্য ইত্যাদি। তবে দীর্ঘ এই তালিকায় নৌকা প্রতীককে ‘স্থগিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি ব্যালটে প্রথমবারের মতো ‘না’ প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের পাশাপাশি প্রজ্ঞাপনে মনোনয়নপত্র ও হলফনামা দাখিলের বিধিতেও পরিবর্তন এনেছে ইসি। নির্বাচনী ব্যয়ের জন্য প্রার্থীর ব্যাংক হিসাব নম্বরের পাশাপাশি তাঁর নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর যুক্ত করার শর্ত রাখা হয়েছে।
এ ছাড়া হলফনামার তথ্যেও কিছুটা শিথিলতা আনা হয়েছে। প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়কর-সংক্রান্ত তথ্য দাখিল করা এখন থেকে ‘ঐচ্ছিক’ হিসেবে গণ্য হবে। অন্যদিকে মামলার তথ্যের ক্ষেত্রে নতুন আদেশে বলা হয়েছে, ‘অভিযুক্ত’ বলতে শুধু এমন আসামিকে বোঝাবে, যাঁর বিরুদ্ধে আদালত অভিযোগ বা চার্জ গঠন করেছেন।
