মাঠপর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক বা ডিজিটাল হাজিরা যন্ত্র (ডিভাইস) স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে জেলা প্রশাসকদের (ডিসি) নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এই বায়োমেট্রিক হাজিরা যন্ত্র স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ই-গভর্ন্যান্স চালুসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। জনসাধারণ যেন নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। এ কারণেই সারা দেশের উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে অবিলম্বে ডিজিটাল হাজিরা যন্ত্র স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রের মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এই উদ্যোগের ফলে ভূমি কার্যালয়গুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমার পাশাপাশি সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
