সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা ঘোষণার এক দিন পরই সুর বদল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ঘোষিত কর্মপরিকল্পনাটি এখনো চূড়ান্ত নয়; আন্তমন্ত্রণালয় বৈঠকের মতামতের ভিত্তিতেই ভোটের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হবে।
এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে জানানো হয়েছিল, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে সারা দেশে সাত ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, ভোটের তারিখ নিয়ে সরকার কিছুই জানে না এবং নির্বাচন কমিশন এ বিষয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা করেনি।
প্রতিমন্ত্রীর এ বক্তব্যের পরই নড়েচড়ে বসে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, কমিশনের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিংয়ে এটি যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, তা বারবার বলা হয়েছিল। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কমিশন এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে।
পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, নির্বাচনের দিনক্ষণ মূলত আন্তমন্ত্রণালয় বৈঠকেই চূড়ান্ত করা হবে। বিভিন্ন মন্ত্রণালয় এবং ভোট গ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শিগগিরই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের মতামতের ভিত্তিতেই কমিশন তফসিল ও ভোটের চূড়ান্ত সূচি ঘোষণা করবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ক্ষোভ প্রকাশের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রতিমন্ত্রীর মন্তব্যের ওপর মন্তব্য করার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে সরকারের এমন প্রতিক্রিয়ায় কমিশন বিব্রত কি না, সে প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
