সোমবার (১৪ সেপ্টেম্বর) চালানো এ অভিযানে সেবা নিতে আসা বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি আটক হয়েছেন। বৈধ নথিপত্র সচল করার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এসে খোদ সেবাকেন্দ্রের প্রবেশমুখ থেকে আটকের ঘটনায় সাধারণ প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের চলমান কঠোর ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে এ আকস্মিক তল্লাশি চালানো হয়। পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্টের আবেদন কিংবা ট্রাভেল পাসের মতো জরুরি সেবা নিতে আসা প্রবাসীদের এভাবে আটকের বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেরই বৈধ ভিসা রয়েছে, যাঁরা কেবল পাসপোর্ট নবায়ন করতে সেখানে গিয়েছিলেন। তবে অভিযানে ঠিক কতজন আটক হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মালয়েশিয়ায় বসবাসরত সাধারণ বাংলাদেশিরা বলছেন, অনেক কর্মীই নিয়োগকর্তার অবহেলা কিংবা প্রশাসনিক জটিলতার কারণে সময়মতো ভিসা বা পাসপোর্ট নবায়ন করতে পারেন না। বৈধ হওয়ার আশায় হাইকমিশন নির্ধারিত সেবাকেন্দ্রে এসেও যদি তাঁদের নিরাপত্তার নিশ্চয়তা না থাকে, তবে প্রবাসীরা কোথায় যাবেন—এমন প্রশ্ন তুলেছেন তাঁরা। সেবাকেন্দ্রের মতো জায়গায় এ ধরনের অভিযান গভীর ভাবনার ও চরম উদ্বেগজনক বিষয় বলে মনে করছেন প্রবাসীরা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ প্রবাসীরা বলছেন, সেবাকেন্দ্রগুলোতে নির্বিঘ্নে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দেওয়া উচিত। সেখানে এ ধরনের অভিযান বন্ধে বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করার দাবি জানিয়েছেন তাঁরা। আইনি জটিলতায় পড়া প্রবাসীরা যাতে কোনো হয়রানি বা আতঙ্ক ছাড়া পাসপোর্ট-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

আরিজ উলফি মিথুন