কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে আলেম ও মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি সতর্ক করে বলেছেন, এআই সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে।
গতকাল রোববার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোঝিকোড় জেলার কারানথুরের মারকাজু সাকুয়াফাথি সুন্নিয়্যায় ‘শেখ আবুবকর ফাউন্ডেশন’ কর্তৃক এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার এই অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিমের হাতে পুরস্কারটি তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হব। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে না জানলে আমরা অন্যদের প্রভাবাধীন হয়ে পড়ব। বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো আলেমদের বুঝতে হবে। এর মধ্যে আধুনিক প্রযুক্তি, নতুন নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে।
তবে প্রযুক্তির অগ্রগতি যেন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ক্ষতি না করে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি নিজেদের বিশ্বাস ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে হবে। কারণ, নতুন প্রযুক্তির মাধ্যমে এমন কিছু মূল্যবোধ মুসলিম সমাজে প্রবেশ করতে পারে, যা বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে।
তিনি আরও বলেন, কোনো সমাজ যদি নতুন প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখে, তাহলে প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিচালনা ও প্রভাবিত করার সক্ষমতাও তাদের কমে যায়। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও যখন আলোচনা বাড়ছে, তখন মুসলিম সমাজ ও আলেমরা এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এআই সম্পর্কে আরও বেশি জানার ও এতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য মুসলিম সমাজের প্রতি আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি প্রযুক্তির অগ্রগতিকে জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর রাখার বিষয়েও জোর দেন। ভারতের নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট