ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে চিফ হুইপ বলেন, বিগত সরকারের আমলে করা বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বর্তমান সরকার ধীরে ধীরে বেরিয়ে আসছে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকারের মূলনীতিই হচ্ছে—সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ শতভাগ রক্ষা করার পরেই কেবল অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা হবে বলে তিনি স্পষ্ট করেন।
দেশের স্বার্থবিরোধী চুক্তির একটি উদাহরণ দিতে গিয়ে নুরুল ইসলাম মনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও বন্ধু দেশের দুটি জাহাজ একসঙ্গে এলে, নিয়ম অনুযায়ী বন্ধু দেশের জাহাজটি আগে খালাস হওয়ার কথা বলা আছে। শেখ হাসিনা এ ধরনের অসংখ্য স্বার্থবিরোধী চুক্তি করে গেছেন। বর্তমান সরকার সেই জায়গাগুলো থেকে এখন বেরিয়ে আসার চেষ্টা করছে।
এদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠানে চরম ক্ষোভ প্রকাশ করেন চিফ হুইপ। তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোটা অত্যন্ত হতাশাজনক।
দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নুরুল ইসলাম মনি তাঁর বক্তব্যের শেষে বলেন, ‘আমরা এই দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। দেশের কল্যাণে আমাদের যা যা করা দরকার, বর্তমান সরকার তার সবকিছুই করবে।’
