জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৬ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উপস্থিতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন ।
জাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর জোর দিয়ে তিনি বলেন, "কারো প্রতি বিরূপ হয়ে এমন কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়, যা তার ব্যক্তিগত বা পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। ‘ভিউ’ বাড়ানোর সাংবাদিকতা না করে আপনাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মনোযোগ দিতে হবে। এতে পেশাদারিত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও লাভবান হবে।"
বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং ও জবাবদিহিতা প্রসঙ্গে উপাচার্য আরও বলেন, "প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থী—আমরা কেউ জবাবদিহিতার বাইরে নই। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয়ে আগামী তিন-চার বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়কে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেন দেশ ও বিশ্ববাসী একে আলাদাভাবে চিনতে পারে।" এ সময় তিনি বিদায়ী কমিটির কাজের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান।
সদ্য বিদায়ী সভাপতি মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান এবং জাবিপ্রবিসাস নির্বাচনের নির্বাচন কমিশনার ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন ও নবনির্বাচিত সভাপতি মুসলিম ইবনে রবি।
সভাপতির বক্তব্যে মো. মিরাজুল ইসলাম তার মেয়াদকালের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, "দায়িত্ব পালনকালে আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে একটি বিশ্বস্ত সেতুবন্ধন হিসেবে কাজ করতে পেরে আমরা আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন নেতৃত্ব তাদের দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিক সমিতিকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।"
অন্যদিকে, বিদায়ী সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, "আমাদের এই পথচলায় সাংবাদিক সমিতির প্রতিটি সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক-শিক্ষার্থীরা যে সহযোগিতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য সবার প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। নানা সীমাবদ্ধতার মাঝেও আমরা পেশাদারিত্ব বজায় রেখে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রত্যাশা, নতুন কমিটি অতীতের অর্জনগুলোকে সঙ্গী করে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করবে।"
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে নির্বাচন কমিশন এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী কমিটির সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলিউল্লাহ চৌধুরী, জাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখাইরুল ইফতি ও সাখাওয়াত হোসেন জিকু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ, সেক্রেটারি ফাহাদ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, সমিতির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট জাবিপ্রবি সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমস-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হন।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
