বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্য ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে এক নতুন ও ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত দলটি আজ ৪৮ বছরে পদার্পণ করল।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি, শুরু হয় তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক নতুন অধ্যায়।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন। ফলে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলের ভেতরে-বাইরে আগ্রহ ও উদ্দীপনা তুঙ্গে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নিছক কোনো দলীয় আনুষ্ঠানিকতা নয়; বরং দীর্ঘ বিরোধী রাজনীতির পর ক্ষমতায় এসে নিজেদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সক্ষমতা প্রদর্শনেরও এক বড় উপলক্ষ। একদিকে নেতা-কর্মীদের মধ্যে বিপুল বিজয়ের আনন্দ, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতা—এই দুইয়ের সমন্বয়েই এবার উদযাপিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।
