জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘প্রোগ্রামিং সমস্যা সমাধান’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) । এতে সহযোগিতায় ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী ড. মো. কায়কোবাদ এবং প্রধান অতিথি ছিলেন জাবিপ্রবির উপাচার্য ড. মো. আমির হোসেন।
প্রধান আলোচকের বক্তব্যে ড. মো. কায়কোবাদ বলেন, ‘প্রোগ্রামিং শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত সমস্যা সমাধানের চর্চা করা। একটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে ধাপে ধাপে সমাধানে পৌঁছানোর অভ্যাস গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আমির হোসেন বলেন, ‘বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রোগ্রামিং ও সমস্যা সমাধানের দক্ষতা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, বাস্তব সমস্যাকে বিশ্লেষণ করে প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করার সক্ষমতাও গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সেই দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সেমিনারে প্রোগ্রামিং সমস্যা বিশ্লেষণ, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসার উত্তর দেন ড. কায়কোবাদ।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিজেদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এই সেমিনার দারুণ ভূমিকা রাখবে বলে জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক
