১৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিভিন্ন সভা-সেমিনার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গতিবিধির ওপর নজর রাখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বাড়ানো হয়েছে সাইবার নজরদারি।
র্যাবের প্রস্তুতি পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে নজরদারি, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নিরাপত্তা এবং অনলাইনে গুজব-অপপ্রচার ঠেকানোর বিষয়ে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিটকেও প্রস্তুত রাখা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে আলাদা নিরাপত্তাপরিকল্পনা গ্রহণ করেছে। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দা তৎপরতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে যাওয়া-আসার পথে সাদা পোশাকে গোয়েন্দা দল কাজ করছে। এসব দলের মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সরকারি নথিতে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর প্রকাশনা, প্রচারণা, মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন রয়েছে। এই বাস্তবতায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো নিষিদ্ধ সংগঠন যাতে প্রকাশ্যে বা গোপনে সংগঠিত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়টিও র্যাবের নিরাপত্তাপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। কোনো দুষ্কৃতকারী বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কর্মসূচিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে নজরদারি বাড়ানো হয়েছে।
এবারের নিরাপত্তাপরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। গুজব, অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে জনমনে আতঙ্ক বা উত্তেজনা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। র্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তাব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিস্ফোরক মোকাবিলা। কোথাও বিস্ফোরক কিংবা বিস্ফোরকসদৃশ কোনো বস্তু পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি ১৫ আগস্ট উপলক্ষে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র্যাব। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লে নিজে পরিস্থিতি মোকাবিলায় না গিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
