চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফল ঘোষণার পর পরই পরীক্ষার্থীরা অনলাইনে এবং মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল এবং নির্ধারিত সূচি অনুযায়ী তা চলে ২০ মে পর্যন্ত।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয়।
মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।
যেভাবে জানা যাবে ফলাফল
-
ওয়েবসাইটের মাধ্যমে: ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট (eduboardresult.gov.bd) এবং (educationboardresults.gov.bd)-এ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে।
-
এসএমএসের মাধ্যমে: মোবাইলে এসএমএসের মাধ্যমে খুব সহজেই ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর (2026)। এরপর মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। (মাদ্রাসা বোর্ডের জন্য বোর্ডের নামের স্থলে MAD এবং কারিগরি বোর্ডের জন্য TEC লিখতে হবে)।
প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে (সব ধরনের কর অন্তর্ভুক্ত)।

ডেস্ক রিপোর্ট