বাংলাদেশে পেপ্যাল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক অনলাইন ডিজিটাল পেমেন্ট ও অর্থ স্থানান্তর সেবা চালুর পথ উন্মুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এক নীতিমালার আওতায় দেশের অনুমোদিত ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আন্তসীমান্ত (ক্রস-বর্ডার) ডিজিটাল লেনদেনের সুবিধা চালু করতে পারবে।
আজ বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজ করার লক্ষ্যেই নতুন এই কাঠামো চালু করা হয়েছে।
নতুন এই নির্দেশনায় একটি ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ প্রবর্তন করা হয়েছে। এর আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক পেমেন্ট সমাধান প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে পরিষেবা দিতে পারবে।
নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের সুবিধা দিতে ব্যাংকগুলো ‘ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ)’ নামে ডিজিটাল ওয়ালেট বা স্টোরড-ভ্যালু অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করবে। তবে এসব হিসাব সরাসরি বা স্বাধীনভাবে পরিচালিত হবে না। প্রতিটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি ‘মাস্টার ডিভিএ’ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ব্যাংকগুলোকে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালু রাখতে হবে এবং পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে। অ্যাকাউন্টে থাকা অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রচলিত বিধি অনুযায়ী তা ফেরত বা সমন্বয় করা হবে।
নতুন এই ব্যবস্থার আওতায় সাধারণ ব্যক্তি, ব্যবসায়ী এবং ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় বিভিন্ন ধরনের লেনদেন সম্পাদন করতে পারবেন:
-
ভ্রমণ কোটা: ব্যক্তিগত, চিকিৎসা কিংবা সরকারি কাজে বিদেশ ভ্রমণের অনুমোদিত কোটার আওতায় বৈদেশিক মুদ্রা ব্যবহার করা যাবে।
-
ছোট অঙ্কের কেনাকাটা: অনলাইনে ক্ষুদ্র পরিসরের আন্তর্জাতিক কেনাকাটা বা বিভিন্ন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করা যাবে।
-
ফি ও সেবা বাবদ ব্যয়: সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যয়, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইনে হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধেও এই ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।
সুবিধা পাবেন রপ্তানিকারক ও ফ্রিল্যান্সাররা
এই নীতিমালার ফলে বিভিন্ন খাতের পেশাজীবী ও ব্যবসায়ীরা নানাভাবে উপকৃত হবেন:
-
রপ্তানি ও ফ্রিল্যান্সিং আয়: ফ্রিল্যান্সার এবং ই-কমার্স উদ্যোক্তারা বিদেশ থেকে অর্জিত অর্থ আরও সহজে দেশে আনতে পারবেন, যা দেশের বৈদেশিক আয়ের প্রবাহ বাড়াতে সহায়ক হবে।
-
ব্যবসায়িক ব্যবহার: এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতে এই সুবিধা নেওয়া যাবে। ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ ৩ জন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক ব্যয়ের জন্য ডিভিএ ব্যবহার করার সুযোগ পাবেন।
-
বিদেশি পর্যটকদের সুবিধা: বাংলাদেশে আগত বিদেশি নাগরিক ও পর্যটকেরাও এই ব্যবস্থার সাহায্যে দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে সহজে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক
এই সেবা চালু করার আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের কারিগরি সক্ষমতা, নিরাপত্তা অবকাঠামো এবং পরিচালন কাঠামোর বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগে জমা দিয়ে পূর্বানুমোদন নিতে হবে।
একই সঙ্গে অর্থ পাচার প্রতিরোধ, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত সব বিধিমালা কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে লেনদেনের নিয়মিত তথ্য প্রতিবেদন আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।

ডেস্ক রিপোর্ট