ফিরোজ সরকার, দিনাজপুর: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দিনাজপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ ও আলোচনা সভা করেছে দিনাজপুর রোটারি ক্লাব। গত বুধবার (২২ জুলাই) বিকেলে শহরের পুলহাট বিসিক শিল্প এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘এসো প্রকৃতির মতো নির্মল হই’—এই প্রতিপাদ্য সামনে রেখে মূল কর্মসূচির আগে পুলহাটের পাটোয়ারী বিজনেস হাউস প্রাইভেট লিমিটেডের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট হুসনা উল আসমা।
পরে বিসিক শিল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর রোটারিয়ান এম. মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একটি গাছ একটি প্রাণ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান এ কে এম আব্দুস সালাম তুহিন, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ও সড়ক ও জনপথ অধিদপ্তর (দিনাজপুর সার্কেল) তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোটারিয়ান মাহবুবুল আলম খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দিনাজপুরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাহেদুল ইসলাম।
আলোচনা শেষে অতিথিরা বিসিক শিল্প এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদ্য সাবেক সভাপতি রোটারিয়ান শহিদুর রহমান পাটোয়ারী মোহন, ক্লাব সেক্রেটারি অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন খান, ট্রেজারার ড. আফরিন আক্তার বেলী, সাবেক সভাপতি রোটারিয়ান রণজিৎ কুমার সিংহ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রোটার্যাক্ট ক্লাবের সভাপতি রোটার্যাক্টর মো. সিয়াম ইসলামসহ রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের অন্য সদস্যরা।
